ফাইনালিসিমা বাতিল, গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩১ মার্চ নিজেদের মাঠে গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দেশটির সমর্থকদের জন্য এটিই শেষ ম্যাচ হতে যাচ্ছে। মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, ‘ফাইনালিসিমা’ বাতিল হওয়ার পর কোচ লিওনেল স্কানোলির দল এক সপ্তাহের নিবিড় অনুশীলনের জন্য দেশে ফিরবে এবং ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে। উল্লেখ্য, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ‘ফাইনালিসিমা’ ম্যাচটি ২৭ মার্চ কাতারের দোহাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলে পড়ায় নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচসহ বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট বাতিল করা হয়েছে। এএফএ আরও জানিয়েছে, খুব শিগগিরই গুয়াতেমালার বিপক্ষে এই প্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে এবং ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তা জানানো হবে। এদিকে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে। এমএমআর