মালদ্বীপে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যুর রেশ কাটতে না কাটতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আব্দুল আলীম (২৯) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।তিনি টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের মো. আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার (১৭, মার্চ) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। আরও পড়ুন:দেশে পৌঁছাল মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত এক বাংলাদেশির মরদেহ হাইকমিশন জানায়, গত একসপ্তাহ যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আব্দুল আলীম। ‘অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে সোমবার (১৬ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমরা মৃতের প্রতি গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ জানায় হাইকমিশন।  এতে আরও বলা হয়, মৃত আব্দুল আলীমের মরদেহ কোম্পানি ও বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আগামীকাল শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে পৌছানোর কথা রয়েছে। মরদেহ বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রহন করবেন মৃতের ভগ্নীপতি মো. আলমগীর হোসেন। মৃতের ভগ্নীপতি আলমগীর হোসেন মুঠোফোনে সময় সংবাদকে বলেন, ২০১৮ সালে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমিয়েছন আব্দুল আলীম। দেশটিতে যাওয়ার পর থেকে বৈধভাবে একটি রেস্টুরেন্টে শেফের কাজ করতেন। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে অবস্থা আরও খারাপের দিকে গেলে গত সপ্তাহে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয় বলে জানান তিনি। আরও পড়ুন:কুয়েতে ওমরাহ সেবায় বিশেষ সম্মাননা পেলেন চার বাংলাদেশি উদ্যোক্তা আব্দুল আলীমের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায়, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাই বাংলাদেশ সরকারের কাছে পরিবারটির পক্ষ থেকে আর্থিক সহায়তাও চাওয়া হয়েছে বলেও যোগ করেন তিনি।