চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর চেলসিতে অনিশ্চিত এনজোর ভবিষ্যত

চেলসিতে এনজো ফার্নান্দেজের চুক্তির মেয়াদ ২০৩২ পর্যন্ত হলেও, ক্লাবটিতে তার ভবিষ্যত এখন অনিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, কিন্তু পরিস্থিতি পরিষ্কার না করে বরং আরও অনিশ্চয়তা তৈরি করেছেন।তিনি কি চেলসিতেই থাকবেন–ইএসপিএন প্রশ্নের জবাবে এনজো বলেন, 'আমি জানি না। এখন আমি এখানেই মনোযোগ দিচ্ছি, এরপর বিশ্বকাপ আসছে, তারপর দেখা যাবে।'চলতি মার্চের ফিফা উইন্ডোতে লা ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন্স স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। আগামী ২৭ মার্চ কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে সেই ম্যাচ গড়ানোর কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে। এই বিষয়েও কথা বলেছেন চেলসির এই আর্জেন্টাইন মিডফিল্ডার।এ বিষয়ে তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যে অনেক সমস্যা চলছে; আমি চাই বিশ্বে শান্তি ও ভালোবাসা থাকুক, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি স্পেনের বিপক্ষে খেলতে চেয়েছিলাম, কারণ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি একদিন আমরা সেই ম্যাচটি খেলতে পারব।'আরও পড়ুন: পারফরম্যান্স বিবেচনায় নেইমারকে দলে নিতেই হবে: সিলভাচ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া নিয়ে তিনি বলেন, 'প্রথম লেগের শেষ ১৫ মিনিটে আমরা নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তারা তিনটি গোল করে বড় ব্যবধান তৈরি করে। আমরা ভুল করেছি এবং তার মূল্য দিতে হয়েছে। ফুটবল আসলে ছোট ছোট বিষয়ের খেলা। পিএসজি সেই সুযোগগুলো কাজে লাগিয়েছে। আর দ্বিতীয় লেগে প্রথম পাঁচ মিনিটেই তারা গোল করে, তখন ম্যাচটা আরও কঠিন হয়ে যায়।'তিনি প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে বলেন, 'পিএসজি আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে, বিশেষ করে কৌশলগত দিক থেকে।'তবে তিনি আশাবাদী থাকার চেষ্টা করেন, 'আমি চেলসিতে আসার পর এমন পরিস্থিতি হয়েছে। এখন সময় সতীর্থদের পাশে দাঁড়ানোর। আমাদের এখনও প্রিমিয়ার লিগে আটটি ম্যাচ বাকি, আমাদের লক্ষ্য আবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করা। এছাড়া আমরা এফএ কাপ জিততে চাই, সেটার জন্যই লড়ব।'আরও পড়ুন: শিরোপা খোয়ালো সেনেগাল, দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণাচেলসির কোচ লিয়াম রোজেনিয়রও সম্ভাব্য ট্রান্সফার নিয়ে কিছু বলতে চাননি, 'এই ম্যাচের পর ট্রান্সফার নিয়ে কথা বলা কঠিন। এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে হবে।'তবে সংবাদমাধ্যম টিওয়াসি'র তথ্য অনুযায়ী, আগামী ট্রান্সফার উইন্ডোতে এনজো ক্লাব ছাড়তে পারেন। এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি, তবে ২০২৩ সালে প্রায় ১২১ মিলিয়ন ইউরোতে তাকে কেনা হয়েছিল, তাই চেলসিকে রাজি করাতে বড় অঙ্কের প্রস্তাব লাগবে।এর আগে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি'র মতো বড় ক্লাবগুলোও তার প্রতি আগ্রহ দেখিয়েছিল বলে জানা গিয়েছিল।