‘রাস্তা ফাঁকা, ২০ মিনিটে পল্টন থেকে কল্যাণপুর এসেছি’

রাজধানী ঢাকার কথা মনে হলেই সর্বপ্রথম যানজটের কথা মনে হয়। সকাল থেকে গভীর রাত অবদি চিরচেনা যানজট সঙ্গে নিয়েই ঢাকার বাসিন্দারা চলাচল করেন। এই চিরচেনা যানজট মলিন হয় ঈদ কিংবা লম্বা কোনো ছুটির সময়। এবারও তাই। ঢাকা যেন ছুটির আমেজে কিছুটা জিরিয়ে নিচ্ছে। সপ্তাহ বাদে ফের শুরু হবে কোলাহল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের ছুটির দ্বিতীয় দিন আজ। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে জরুরি কাজ আর যারা আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শহর ছাড়ছেন শুধু তারাই বের হয়েছেন। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ও জাগো নিউজের একাধিক প্রতিবেদকের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য দিনের মতো শহরে বাসের সংখ্যা অনেক কম। যারা বের হয়েছেন অধিকাংশই ব্যক্তিগত গাড়ি, রিকশা অথবা সিএনজিতে চলাচল করতে দেখা গেছে। ছুটির কারণে রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। নেই যানজট, মানুষের যাতায়াতও কম। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে অল্প সময়ে।  সড়কে রিকশা, অটোরিকশা ও সিএনজি আনাগোনা চোখে পড়ার মতো। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মানুষ এ বাহনগুলোকেই বেছে নিচ্ছেন। তবে যাত্রী কম থাকায় অনেক চালকই অলস সময় পার করছেন। আবার কোথাও কোথাও ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগও রয়েছে। পল্টন থেকে কল্যাণপুর বাস কাউন্টারে এসেছেন শফিকুল ইসলাম। তিনি জানান, যেখানে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতো সেখানে আজ এসেছি মাত্র ২০ মিনিটে। রাস্তায় গাড়ি কম, পুরো ফাঁকা। শব্দ দূষণও কম। রাজধানীর ধানমন্ডি থেকে কমলাপুর রেলস্টেশন যাচ্ছেন নাজিম উদ্দিন। বাস না পেয়ে অটোরিকশায় করে যাচ্ছেন তিনি। নাজিম বলেন, ঈদের ছুটির কারণে রাস্তায় বাস কম। তাই একটু বেশি ভাড়া দিয়ে রিকশায় করে যাচ্ছি। বেশি টাকা খরচ হলেও যানজট নেই, ভিড় না থাকায় স্বস্তিতে যেতে পারছি। এদিকে, রাজধানী ফাঁকা থাকলেও নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে দেশে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি ছিল। মাঝে ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এ কারণে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। টিটি/এসএনআর