ইসলামের ইতিহাস, ভালোবাসা ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র হলো আল-মসজিদুন নববী। আর এই মহান মসজিদের অন্তরে অবস্থিত এমন এক পবিত্র স্থান, যার নাম শুনলেই মুমিন হৃদয়ে জাগে অপরিসীম আবেগ ও শ্রদ্ধা-সেটি হলো রিয়াদুল জান্নাহ। মহানবী হযরত মোহাম্মদ (সা.) তার এক প্রসিদ্ধ হাদিসে ইরশাদ করেন, ‘আমার ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহের একটি বাগান’। এই বরকতময় বাণীর ভিত্তিতেই মসজিদে নববীর এই বিশেষ অংশটি পরিচিত হয়েছে রিয়াদুল জান্নাহ নামে, যার অর্থ ‘জান্নাতের উদ্যান’। তাই মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের কাছে এই স্থানটি এক অপার মহিমা ও ভালোবাসার প্রতীক। মসজিদে নববীর ভেতরে সবুজ কার্পেট দিয়ে চিহ্নিত এই পবিত্র অংশটি সহজেই অন্য স্থান থেকে আলাদা করে চেনা যায়। প্রতিদিন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত হাজার হাজার হাজি ও ওমরাহ পালনকারীরা এখানে দুই রাকাত নফল নামাজ আদায়ের আকাঙ্ক্ষায় দীর্ঘ সময় অপেক্ষা করেন। যখন কেউ এই পবিত্র প্রাঙ্গণে প্রবেশের সৌভাগ্য লাভ করেন, তখন তার হৃদয় ভরে ওঠে এক গভীর প্রশান্তি ও আবেগে। অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে, ঠোঁটে ভেসে ওঠে নীরব প্রার্থনা-রবের দরবারে ক্ষমা, রহমত ও কল্যাণের আকুতি। রিয়াদুল জান্নাহ কেবল একটি ঐতিহাসিক স্থান নয়; এটি মূলত ঈমান, ভালোবাসা ও নবীপ্রেমে উজ্জ্বল এক আধ্যাত্মিক অনুভূতির নাম। মহানবীর স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণে দাঁড়িয়ে ইবাদত করার মুহূর্তে মুমিনের হৃদয় যেন আরও বেশি বিনম্র হয়ে পড়ে, ঈমান হয়ে ওঠে দৃঢ়তর, আর আল্লাহর প্রতি ভালোবাসা অনুভূত হয় আরও গভীরভাবে।আজও প্রতিদিন হাজারো মুসল্লির পদচারণায় মুখর থাকে এই পবিত্র স্থান। নুসুক অ্যাপ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী মুসল্লিদের প্রবেশের সুযোগ দেওয়া হয়, যেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত মানুষ এই বরকতময় স্থানে ইবাদতের সৌভাগ্য অর্জন করতে পারেন। মুসলমানদের কাছে রিয়াদুল জান্নাহ তাই শুধু একটি স্থান নয়; এটি এক আধ্যাত্মিক আশ্রয়, নবীপ্রেমে সিক্ত এক পবিত্র স্মারক, যা যুগে যুগে মুমিন হৃদয়কে জান্নাতের সৌরভ ও মহান আল্লাহর সান্নিধ্যের কথা স্মরণ করিয়ে দেয়। এমআরএম