ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণে চীনের প্রেসিডেন্টের সঙ্গে নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নতুন করে নির্ধারণ করা হচ্ছে। ট্রাম্প বলেন, আমরা বৈঠকটি পুনর্নির্ধারণ করছি। চীনের সঙ্গে আমাদের কাজ চলছে, তারা এতে সম্মত। তিনি জানান, ইরান যুদ্ধের কারণে তাকে ওয়াশিংটনেই থাকতে হচ্ছে। যুদ্ধের কারণে আমি এখানে থাকতে চাই, আমাকে এখানেই থাকতে হবে। আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত তার বেইজিং সফরের কথা ছিল। এখন তা প্রায় পাঁচ সপ্তাহ পিছিয়ে এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে। এদিকে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে থাকায় বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে, যা এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ রপ্তানি, তাইওয়ান ইস্যু এবং মাদক পাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর নিয়ে দুই দেশ এখনো যোগাযোগ বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বরং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কসহ বৈশ্বিক কূটনীতিতেও বড় প্রভাব ফেলছে। সূত্র: আল-জাজিরা এমএসএম