ফরিদপুরে তরমুজ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোহাম্মদ ইউসুফ আলী শেখ নামে তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গাড়িতে থাকা শতাধিক তরমুজ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায় এবং অধিকাংশ তরমুজ ফেটে নষ্ট হয়।বুধবার (১৮ মার্চ) ভোরে জেলা সদরের চন্ডিপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া এ ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: বগুড়ায় রোড ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাসে আগুন, ভাই-বোনসহ নিহত ৩ হাইওয়ে পুলিশ জানায়, পিকআপ ভ্যানটি ফরিদপুর থেকে রাজবাড়ীর খানখানাপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ইউসুফ আলী শেখ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় পিকআপে থাকা তরমুজ সড়কে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছেন। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচল স্বাভাবিক রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।