বাগেরহাটে আইজিপির বাড়ির সার্ভিস তার চুরি: গ্রেফতার ৩

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বাইরের সংযোগ তার (সার্ভিস তার) চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে খোদ আইজিপির বাড়িতে চুরির যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।বুধবার (১৮ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী।  এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে তার চুরির এ ঘটনা ঘটে। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো: মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাদের সবার বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়িতে চুরি বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, ‘বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’ প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘গেল সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ সময় বাসার বাইরের দেয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।’