চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৭, উদ্ধার ৮ হাজার ইয়াবা

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ‘এস ড্রাইভ’ অভিযানে মোট ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়া সংক্রান্ত অপরাধ দমন করতে নগরের সব থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ২০ জন, চাঁদাবাজির অভিযোগে ৩ জন এবং জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। এছাড়া কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মধ্যে গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগ ৪ হাজার পিস এবং বন্দর ও পশ্চিম বিভাগ আরও ৪ হাজার পিস ইয়াবা জব্দ করে। থানাভিত্তিক তথ্য অনুযায়ী, আকবরশাহ থানা এলাকায় সর্বোচ্চ ১১ জন এবং পাহাড়তলি থানা এলাকায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বাকলিয়া, খুলশী ও বায়েজিদ থানা এলাকাতেও একাধিক গ্রেফতারের ঘটনা ঘটেছে। সিএমপি সূত্র জানায়, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান চলমান। এমআরএএইচ/এমআরএম