দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান

নারী এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে জাপান। বুধবার (১৮ মার্চ) সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে কোরিয়ার মেয়েদের ৪-১ গোলে হারিয়েছে জাপানের মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া।টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে ২-১ হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সর্বশেষ চার আসরের মধ্যে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছে এই দুই দল। ২০১৪ ও ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে জাপান।  আরও পড়ুন: তারা উসকানি দিয়েছে, আমি আমার মতো উদযাপন করেছি: ভিনিসিউস আজ দ্বিতীয় সেমিতে ফিফা র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা জাপান শুরু থেকেই দাপট দেখায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ম্যাচের প্রথম ২৫ মিনিটেই তারা এগিয়ে যায় দুই গোলে— ১৫ মিনিটে রিকো উয়েকির গোলের পর ২৫ মিনিটে ব্যবধান বাড়ান মাইকা হামানো।  দ্বিতীয়ার্ধেও জাপানের আক্রমণ থামেনি। ৭৫ মিনিটে সাকি কুমাগাই তৃতীয় গোলটি করেন। যদিও র‍্যাঙ্কিংয়ের ১৯ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া ৭৮ মিনিটে একটি গোল শোধ দেয়, গোলটি করেন কাং-চায়ে রিমে। তবে সেটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি।  আরও পড়ুন: বিশ্বকাপ প্রস্তুতিতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা এরপর ৮১ মিনিটে রেমিনা চিবা আরেকটি গোল করে স্কোরলাইন ৪–১ এ নিয়ে যান। শেষ পর্যন্ত বড় জয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করে জাপান।  এ নিয়ে সপ্তমবারের মতো ফাইনালে উঠল জাপান। প্রথম চারটি ফাইনালে হারের পর সবশেষ ২০১৪ ও ২০১৮ সালে শিরোপা ঘরে তুলে জাপান।