ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি আসর আইপিএলের অন্যতম দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থা আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত দুইটি পক্ষ চূড়ান্ত লড়াইয়ে টিকে আছে বলে জানা গেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ইকিউটি একটি বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে একটি যৌথ বিনিয়োগ গোষ্ঠী, যেখানে আছেন রঞ্জন পাই , যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান কেকেআর এবং সিঙ্গাপুরভিত্তিক টিমসেক। এই বিক্রির মূল্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৪ হাজার ৬০০ কোটি টাকারও বেশি) ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আইপিএলের ইতিহাসে অন্যতম বড় চুক্তি হতে যাচ্ছে। প্রাথমিকভাবে আরও কয়েকটি বড় নাম এই দৌড়ে থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। এর মধ্যে ছিল গ্লেজার ফ্যামিলির বিনিয়োগ গোষ্ঠী এবং ভারতীয় ব্যবসায়ী আদর পুনাওয়ালা। জানা গেছে, গ্লেজার পরিবার প্রায় ১৮০ কোটি ডলারের একটি প্রস্তাব দিয়েছিল, তবে ইকিউটি তাদের প্রস্তাব বাড়িয়ে ২০০ কোটির কাছাকাছি নিয়ে যায়। বর্তমান মালিক দিয়াজিও মার্চের শেষের মধ্যে এই চুক্তি চূড়ান্ত করতে চায়। ফলে আগামী ৩১ মার্চের মধ্যেই বিরাট কোহলিদের ফ্রাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে আরেক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসকেও ঘিরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। দলটি শুরুতে আংশিক মালিকানা বিক্রির পরিকল্পনা করলেও এখন পুরো দল বিক্রির দিকেও ঝুঁকছে বলে জানা গেছে। রাজস্থানের জন্য ইতোমধ্যে তিনটি বাধ্যতামূলক প্রস্তাব জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ। তারা যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার-এর সঙ্গে যৌথভাবে প্রস্তাব দিয়েছে। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য বিক্রিমূল্য ১১০ কোটি থেকে ১৩৫ কোটি ডলারের মধ্যে হতে পারে বলে জানা গেছে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছে রাইন গ্রুপ, যারা এর আগে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতার ফ্র্যাঞ্চাইজি বিক্রির কাজও পরিচালনা করেছিল। সব মিলিয়ে, আইপিএলের দুই বড় দলের মালিকানা পরিবর্তনের এই প্রক্রিয়া এখন শেষ ধাপে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে ক্রিকেট বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক লেনদেনের সাক্ষী হতে যাচ্ছে এই আসর। আইএইচএস/