অ্যাশেজ থেকে নিজের বাদ পড়াকে সঠিক মনে করছেন ওলি পোপ

অ্যাশেজে ব্যর্থতার পর দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঠিক বলেই মনে করছেন ইংল্যান্ডের টপ-অর্ডার ব্যাটার ওলি পোপ। একই সঙ্গে সমালোচকদের ইংল্যান্ডের অ্যাশেজ জেতা নিয়ে সিরিয়াস না থাকার অভিযোগও নাকচ করেছেন তিনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজে ছয় ইনিংসের একটিতেও পঞ্চাশ ছুঁতে পারেননি পোপ। ফলে চতুর্থ ও পঞ্চম টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। তার জায়গায় সুযোগ পাওয়া জ্যাকব বেথেল প্রথম-শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করে তিন নম্বর পজিশনে নিজের দাবি জোরালো করেছেন। অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ডের ব্যর্থতার অন্যতম কারণ ছিল ব্যাটিং ভঙ্গুরতা। প্রস্তুতির ঘাটতি, পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ না খেলা, এমনকি সিরিজ চলাকালীন বিরতি; সব মিলিয়ে সমালোচনার মুখে পড়ে দলটি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে সিরিজ হারতে হয় ইংল্যান্ডকে। আরও পড়ুন: বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকলেন মিরাজ তবে এসবের মাঝেও পোপ জোর দিয়ে বলেছেন, দলের মধ্যে জয়ের ইচ্ছার কোনো ঘাটতি ছিল না। তিনি বলেন, ‘মানুষ হয়তো মনে করেছে আমরা ততটা মনোযোগী ছিলাম না, কিন্তু সেটা ভুল ধারণা। আমরা সবাই শুধু অ্যাশেজ জিততেই চেয়েছিলাম।’ সিরিজের প্রথম টেস্টেই অস্ট্রেলিয়াকে ১৩২ রানে অলআউট করে এগিয়ে গিয়েও ম্যাচটি হারে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের সেঞ্চুরি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, যা শেষ পর্যন্ত পুরো সিরিজের চিত্র নির্ধারণ করে। নিজের পারফরম্যান্স নিয়ে পোপ বলেন, ‘দল থেকে বাদ পড়া অবশ্যই কঠিন ছিল, কিন্তু তখন সেটাই সঠিক সিদ্ধান্ত। আমাকে বলা হয়েছিল, ফিরে গিয়ে রান করো, নিজেকে প্রমাণ করো।’ আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতির বোলার থাকা বাড়তি সুবিধা: আশরাফুল ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলা ২৮ বছর বয়সী এ ব্যাটার এখনো তার সেরা সময় আসার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আমার সেরা ব্যাটিং এখনও বাকি।’ সাদা পোশাকে ইংলিশদের হয়ে ১১৩ ইনিংসে ৩৪.৫৫ গড়ে ৩৭৩২ রান করেছেন পোপ। যেখানে ৯ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৬টি ফিফটির ইনিংস।