জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল সেগুলো বাস্তবায়ন করা হবে। বুধবার (১৮ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় নির্বাচনি প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়। এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরাইল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। কিন্তু সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং তেলের দাম বাড়েওনি। মতবিনিময়কালে বিএনপি মহাসচিব দলীয় কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের সামগ্রিক মূল্যায়ন করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা৷ কেএইচ/এমকেআর