বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জন নিহত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের একটি শিশু। গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে।এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে গুরুতর আহত শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্বও নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রুমন জানান, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত দেড় বছরের শিশুকে নেয়া হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। শিশুটির উন্নত চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আতিকুর রহমান রুমন আরও বলেন, গুরুতর আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকেরও সঙ্গেও কথা বলেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতেও নির্দেশনা দিয়েছেন তিনি। একইসঙ্গে আহত শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানকার পরিচালকের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যাবতীয় চিকিৎসা ব্যয়ভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন: গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী উল্লেখ্য, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২জন যাত্রী নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পরে। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আহত শিশুটির বাবা-মাসহ আরও তিন জনকে মৃত ঘোষণা করেন।