চুয়াডাঙ্গায় বিএনপির দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন এই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের যৌথ স্বাক্ষরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। এই বহিষ্কারাদেশের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, কিছু নেতার কারণে চুয়াডাঙ্গায় বিএনপির এই দুরবস্থা তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েকজন নেতা বলেন, ‘এসব নেতার বিরুদ্ধে আগেই ব্যবস্থা নিলে গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসন হারাতে হতো না। সাংগঠনিক দুর্বলতার কারণে বিএনপিকে এই বাজে সময় পার করতে হচ্ছে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত সকল কমিটিতে গ্রুপিং দৃশ্যমান।’ আরও পড়ুন: নিজের ছেলের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ দলের শৃঙ্খলা ও হারানো গৌরব ফিরিয়ে আনতে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে তারা আরও বলেন, ‘আত্মীয়তা ও স্বজনপ্রীতি বাদ দিতে হবে। জেলা বিএনপির বড় একটি দুর্বলতা হলো, বহিষ্কার করা নেতাদের আবার দলে ফিরিয়ে আনা হয়।’ দলের বর্তমান অবস্থান নিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন, ‘যারাই দলের বাইরে গিয়ে অপকর্মের সাথে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধেই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে। এতে দলের শৃঙ্খলা ফিরবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভালোর সাথে সর্বদা আছি, থাকব। আশা করছি অল্প সময়ের মধ্যেই দল আগের অবস্থায় ফিরতে পারবে।’