দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মোহামেডান-আবাহনীর মতো ক্লাবের ভূমিকা অনেক। কখনো সুযোগ এলে সংগঠক হিসেবে সেখানে যুক্ত থাকাটা হবে সম্মানের। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের দোয়া অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নতুন কমিটির অধীনে মোহামেডান আবারও পুরোনো ঐতিহ্যে ফিরবে বলে প্রত্যাশা করেন তিনি।হঠাৎই অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার সুস্থতা কামনায় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে তামিম ইকবালসহ খেলোয়াড় ও সংগঠকদের দোয়া প্রার্থনা। প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের আছে ক্রীড়া সংশ্লিষ্টতা। পাশাপাশি ক্রীড়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। দ্রুতই সুস্থ হয়ে তিনি আবারও সবার মাঝে ফিরবেন বলে প্রত্যাশা তামিম ইকবালের। আরও পড়ুন: বুমরাহ’র বেতন কমে যাচ্ছে দুই কোটি রুপি! ‘উনি (মির্জা আব্বাস) অসুস্থ, মোহামেডান ক্লাব একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে; আমার কাছে মনে হয়েছে এখানে আসাটা ইমপরট্যান্ট। আমাদের সবার দোয়া উনার প্রতি, উনার পরিবারের প্রতি।’ খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে এখন নতুন ভূমিকায় তামিম ইকবাল। সাবেক অধিনায়কের নতুন পরিচয় ক্রীড়া সংগঠক। ভবিষ্যতে মোহামেডানের মতো ক্লাবে যুক্ত হতে পারলে সেটা সম্মানের হবে বলে মনে করেন তামিম। ‘এটা তো আমার জন্য প্রেস্টিজের ব্যাপার, মোহামেডান ক্লাবের সাথে জড়িত থাকা। যদি মোহামেডানের এরকম কোনো সময় মনে হয় যে, আমাকে উনাদের সাথে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে … উনারা যে-কোনো সময় ডাকলে আমি চলে আসবো।’ আরও পড়ুন: এখনই ইংল্যান্ডের হয়ে নিজের শেষ দেখছেন না বাটলার এদিকে, নতুন কমিটির অধীনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে মোহামেডান। অতীতের সব জটিলতা পেছনে ফেলে এরই মধ্যে কাজ শুরু করেছে দায়িত্ব প্রাপ্তরা। এর ধারাবাহিকতায় মোহামেডান আবারও পুরোনো ঐতিহ্যে ফিরবে বলে প্রত্যাশা নীতি নির্ধারকদের। ফুটবলারদের বেতন সংক্রান্ত জটিলতা এরই মধ্যে কাটিয়ে উঠেছে মোহামেডান। সামনের দিনে মোহামেডান সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা ক্লাব সংশ্লিষ্টদের।