বরিশালে লঞ্চ স্টাফদের মারধরের শিকার যাত্র‍ীরা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে বরিশাল নদীবন্দরে। তবে অভিযোগ উঠেছে মাঝনদীতে ধীরগতিতে লঞ্চ চালানো এবং ঘাটে এসে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় পারাবত-১১ লঞ্চের স্টাফদের মারধরের শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮ টায় বরিশাল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছে নৌ নিরাপত্তা ও ট্র‍াফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান।ভুক্তভোগী যাত্রীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল ১১ টায় ঢাকা থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে স্পেশাল সার্ভিসের পারাবত-১১ লঞ্চ। পথে কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই লঞ্চটি অত্যন্ত ধীরগতিতে চালানো হচ্ছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর যাত্রীরা মাস্টারের কাছে এর কারণ জানতে চাইলে স্টাফরা তাদের সাথে অশোভন আচরণ শুরু করে। বাকবিতণ্ডার এক পর্যায়ে লঞ্চটি রাত পৌনে ৮টায় বরিশাল ঘাটে এসে পৌঁছায়।ঘাটে নামার সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত সাড়ে ৩শ’ টাকা ভাড়ার চেয়ে অতিরিক্ত ১শ’ টাকা বেশি দাবি করেন লঞ্চ স্টাফরা। এর প্রতিবাদ করায় এবং ধীরগতির অভিযোগ তোলায় উত্তেজিত স্টাফরা সংঘবদ্ধ হয়ে সাধারণ যাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী লাঞ্ছিত ও আহত হন।আরও পড়ুন: ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের স্রোত, পথে পথে ভোগান্তিভুক্তভোগী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পরিবার নিয়ে ঈদ করতে আসছি, মার খেতে নয়। সারা পথ তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আর ঘাটে এসে সাড়ে ৩'শ টাকার ভাড়া ৫'শ টাকা না দেয়ায় আমাদের ওপর হামলা চালিয়েছে।’এদিকে ঘটনাস্থলে উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন নৌ নিরাপত্তা ও ট্র‍াফিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইডব্লিউটিএ, বরিশালের সহকারী পরিচালক মোহাম্মদ সলেমান।এদিকে এ বিষয়ে জানতে পারাবাত লঞ্চ কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।