বৈরি আবহাওয়ার কারণে বিভিন্ন রুট থেকে ঢাকাগামী ৫ টি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে।বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ফ্লাইটগুলো অবতরণ করে। এরমধ্যে ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার আস্ট্রার ৩ টি অভ্যন্তরীণ ফ্লাইটসহ দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো যথাযথ গন্তব্যে ফিরে যাবে বলে জানা যায়। কালবৈশাখী আর এর সঙ্গে বৃষ্টি হলো রাজধানীতে। বুধবার সন্ধ্যার পর এই বৃষ্টি হয়। রাজধানীতে তিন ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। সন্ধ্যা থেকে ঠান্ডা হাওয়া বয়ে যেতে শুরু করে। সন্ধ্যা ৬টার পর থেকেই হাওয়া বেড়ে যায়। কিছু কিছু এলাকায় বৃষ্টি পড়তে শুরু করে। সাতটার পর থেকে বজ্রপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি পড়তে শুরু করে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়। ঢাকাসহ ১২ জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বুধবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।