রাজশাহীতে জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ

রাজশাহী মহানগরীতে জামায়াতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুপক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে সংঘর্ষে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘর্ষে জড়িতদের মধ্যে এক পক্ষ নগরীর হোসনিগঞ্জ বেতপট্টি এলাকার জামায়াত নেতা আলহাজ্ব মো. মমিনুল ইসলাম মোনার সমর্থক। অপর পক্ষ দরগাপাড়া এলাকার রাশেদুল হাসান পারভেজ সমর্থকরা। পারভেজ ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি। আরও পড়ুন: সিটি করপোরেশনে দলীয় প্রশাসক জুলাই স্পিরিটের প্রতি অবজ্ঞা: জামায়াত মোটরসাইকেলের কাগজপত্র পরে দেয়া হবে এমন বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। উভয়পক্ষের নেতাকর্মীরা দেশিয় অস্ত্র হাতে শোডাউন দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয়পক্ষের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় ফিরে যায়। আরও পড়ুন: জামায়াতের সঙ্গে সংঘর্ষে নিহত কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিক্ষোভ খবর পেয়ে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।