রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

রাজশাহী নগরীতে জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সূত্র জানায়, মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে- এমন কথাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এসময় মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যায়। পরে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই ব্যক্তি ও তাদের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাখাওয়াত হোসেন/এফএ/এমএস