সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিশু আবদুল্লাহ আল মামুন (৮) হত্যার ঘটনায় বাকরুদ্ধ হয়ে গেছেন তার বাবা দক্ষিণ কোরিয়ায় প্রবাসী মোস্তাক আহম্মেদ মাহবুব। সুদূর প্রবাস থেকে নির্মম এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।বুধবার (১৮ মার্চ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীনাথপুর গ্রামের ধানক্ষেত থেকে শিশু আবদুল্লাহ আল মামুনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, গতকাল দুপুরে নিখোঁজ হয় শিশু মামুন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের হাইলভূঁই হাওরের ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহত শিশুর বাবা মোস্তাক আহম্মেদ দক্ষিণ কোরিয়ায় থাকেন। সন্তানের এমন নির্মম মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। সন্তানের লাশের খবর পেয়ে তিনি রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মোস্তাক আহম্মেদ জানান, তার সন্তানকে মাথায় কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রবাসে থাকা বাবার কাছে শিশু সন্তান হারানো জীবনের সবচেয়ে বড় আঘাত। যে বা যারা এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।