ঈদের ছুটিতেও থেমে নেই ডাক বিভাগের সেবা

পার্সেল বুকিং, ইএমএসসহ নানা ডাকসেবা এখন আর শুধুমাত্র কর্মদিবসেই সীমাবদ্ধ নেই। উৎসবের সময় ছুটির দিনেও জেনারেল পোস্ট অফিস-জিপিও সেবা দিচ্ছে। গ্রাহকদের মতে, ছুটির দিনেও ডাক সেবা চালু থাকায় সময় বাঁচছে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও উপহার তারা দ্রুত বিদেশে পাঠাতে পারছেন।সময় সংবাদের সঙ্গে কথা হয় ব্যবসায়ী মোহাম্মদ ওয়াহীদুল কবীরের। ঢাকা জেনারেল পোস্ট অফিসে এসেছেন সন্তানদের জন্য আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে কেনা পোশাক সুদূর অস্ট্রেলিয়ায় পাঠাবেন বলে। তিনি বলেন, ‘পার্সেল পাঠাচ্ছি অস্ট্রেলিয়াতে, আমার ছেলেমেয়েদের জন্য। এটা হচ্ছে পহেলা বৈশাখের উপহার।’ তার মতো অনেকেই এসেছেন দেশ-বিদেশে প্রয়োজনীয় পণ্য বা ডকুমেন্ট পাঠাতে। ছুটির দিনেও থেমে নেই ডাক সেবা। জরুরি সেবা হিসেবে চলছে পার্সেল ইস্যু, এক্সপ্রেস মেল সার্ভিস, ইএমএস ইস্যু, গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, জিইপি ও রেজিস্ট্রি চিঠি ইস্যুর কার্যক্রম। দীর্ঘ লাইনের বিশৃঙ্খলা এড়াতে রাখা হয়েছে টোকেন সিস্টেম। প্রবাসী স্বজনদের কাছে দ্রুত এবং নিরাপদে বিভিন্ন জিনিস পাঠানোর জন্য বর্তমানে ইএমএস সেবা বেশ জনপ্রিয়। ডিএইচএল বা ফেডেক্সের তুলনায় কম খরচে পার্সেল পাঠানোর সুবিধা থাকায় গ্রাহকদের আস্থা বাড়ছে এই সেবায়। আরও পড়ুন: ‘নগদ’-এ নজর ব্যারিস্টার আরমানের গ্রাহকরা বলছেন, পোস্ট অফিসে পাঠালে খরচও কম লাগে। কুরিয়ার সার্ভিস যেমন ফেডেক্স বা ডিএসএল আছে, সার্ভিস ভালো, কিন্তু চার্জ অনেক বেশি। পোস্ট অফিসে কম খরচে মোটামুটি ভালো সার্ভিস পাওয়া যায়। ঈদ, পূজা ও পহেলা বৈশাখের মতো উৎসবের সময়ে বাড়তি চাপ সামাল দিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবারও সেবা দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। ঢাকা মেট্রোপলিটন সার্কেলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উৎসব পার্বনে গ্রাহকরা যাতে বিদেশে থাকা আত্মীয়স্বজনদের কাছে দ্রুত ও নির্বিঘ্নে উপহার পাঠাতে পারে, তাই শুক্রবারও আমরা খোলা রাখছি। ঢাকা মেট্রোপলিটন সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমাদের সেবাগুলো যাতে সহজে, স্বল্পমূল্যে এবং দ্রুত জনগণের কাছে পৌঁছায়, সেজন্য ছুটির দিনেও ইএমএস সার্ভিস, পার্সেল সেবা এবং অন্যান্য ডাক কার্যক্রম চালু রাখা হচ্ছে। আন্তর্জাতিক ডাক আদান-প্রদানে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে ঢাকা জিপিও। প্রতিদিন এখানে হাজারো পার্সেল ও ডকুমেন্টস আদান-প্রদানের জন্য প্রস্তুত করা হয়।