ঝিনাইদহে নসিমন-কাভার্ডভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চাঁদপুরের ড্রাগন বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মনোয়ার হোসেন উপজেলার সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, ব্যবসায়ী মনোয়ার হোসেন সকালে নসিমনে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মনোয়ার হোসেন। আহত হন নসিমনচালক সাব্বির।আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত ১৫, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বিঘ্নিতখবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত নসিমন চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এতে আহত নসিমনচালক চিকিৎসাধীন রয়েছেন।’