নিজের সেরাটা দিতে মদ্যপান ছেড়েছেন ভারতীয় স্পিনার

ক্যারিয়ারের পড়ন্ত সময়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে বড় সিদ্ধান্ত নিয়েছেন যুজবেন্দ্র চাহালl। ভারতের এই অভিজ্ঞ লেগ স্পিনার জানিয়েছেন, গত ছয় মাসেরও বেশি সময় ধরে তিনি অ্যালকোহল থেকে দূরে আছেন, যাতে মাঠে আরও ফিট ও কার্যকর থাকতে পারেন।৩৫ বছর বয়সি চাহাল একসময় ভারতের সীমিত ওভারের দলের নিয়মিত মুখ ছিলেন। দেশের হয়ে ৭২টি ওয়ানডে ও ৮০টি টি-টোয়েন্টি খেললেও ২০২৩ সালের আগস্টের পর জাতীয় দলে আর সুযোগ পাননি।টি-টোয়েন্টিতে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার সম্ভাবনা থাকলেও তিনি থেমে যান ৯৬ উইকেটে। পরে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।তবে আইপিএলে এখনও অন্যতম সফল বোলার চাহাল। আইপিএলে তার উইকেট সংখ্যা ২২১, যা এখনও সর্বোচ্চ। গত মৌসুমে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে ১৬ উইকেট নিলেও তার ইকোনমি ছিল তুলনামূলক বেশি।ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাইয়ের মুখোমুখি হয়েছেন তিনি, বিশেষ করে স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর।আরও পড়ুন: বুমরাহ’র বেতন কমে যাচ্ছে দুই কোটি রুপি! আইপিএলের নতুন মৌসুম সামনে রেখে চাহাল বলছেন, 'এই বছর আমার মন আমাকে বলেছে যে, সবকিছুর আগে নিজের শরীরের যত্ন নেব। আমার দিক থেকে একটি সুখবর আছে আপনাদের জন্য, আমি মদ্যপান করা ছেড়ে দিয়েছি। ছয় মাসেরও বেশি হয়ে গেছে।'তিনি আরও বলেন, 'আমার বয়স এখন ৩৫। আমি আরও সক্রিয় হতে চাই এবং দলের জন্য নিজের দেড়শ ভাগ দিতে চাই। একজন সিনিয়র বোলার হিসেবে যদি আইপিএলে যাই, আমি চাই লোকে আমাকে দেখে ভাবুক, ‘তার কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে।’ আমি নিজেকে এভাবেই উপস্থাপন করতে চাই।'আগামী ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে ৩১ মার্চ গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে তার দল।