ইরান যুদ্ধের জন্য আরও ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান সংঘাত চালিয়ে যেতে আরও ২০০ বিলিয়ন ডলারেরও বেশি বাজেট চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। তবে কংগ্রেস এত বড় অঙ্কের অর্থ অনুমোদন করবে কি না তা নিয়ে সন্দিহান হোয়াইট হাউসের কর্মকর্তারা। কারণ যুদ্ধের ব্যয় অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে।ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, বাজেট অনুমোদিত হলে এই যুদ্ধ তহবিল ইরানে যুক্তরাষ্ট্রের ‘সামরিক অভিযান’কে আরও শক্তিশালী করবে এবং যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের উৎপাদন বাড়াবে। প্রায় তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে, যার লক্ষ্য ছিল ‘ইরানি শাসকদের নিরাপত্তা ব্যবস্থাকে’ ধ্বংস করা। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী ইরানে এখন পর্যন্ত ৭ হাজার ৮০০-এর বেশি লক্ষ্যবস্তু আঘাত করেছে এবং ১২০-এর বেশি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। আরও পড়ুন: ইরানের গ্যাসক্ষেত্রে আর হামলা চালাবে না ইসরাইল: ট্রাম্প ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দ্রুত বাড়ছে। শুধু প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযানে ১১ বিলিয়ন ডলার খরচ করেছে। অতিরিক্ত ২০০ বিলিয়ন ডলার যোগ করলে যুক্তরাষ্ট্রের যুদ্ধব্যয় ইরানের বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) অর্ধেকেরও বেশি হতে পারে, যা ২০২৫ সালে ৩৫৬.৫১ বিলিয়ন ডলার ছিল। সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন্স কমিটির তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের জন্য ইতিমধ্যেই কংগ্রেস ৮৩৮.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা তহবিল অনুমোদন করেছে।  পেন্টাগনের নতুন বরাদ্দের অনুরোধ   দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, পেন্টাগন হোয়াইট হাউসকে ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে ২০০ বিলিয়নের বেশি ডলারের অনুরোধ অনুমোদনের জন্য পাঠিয়েছে। তবে এখনও স্পষ্ট নয়, হোয়াইট হাউস শেষ পর্যন্ত কতো অর্থ আইনপ্রণেতাদের অনুমোদনের জন্য চাওয়ার পরিকল্পনা করছে। সংবাদপত্রটি উল্লেখ করেছে, এই তহবিল অনুরোধ কংগ্রেসে বড় রাজনৈতিক সংঘর্ষ সৃষ্টি করতে পারে, কারণ জনমতের সমর্থন এখনও কম এবং ডেমোক্র্যাটরা এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। আরও পড়ুন: চীনের শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক পেছাচ্ছে, নিশ্চিত করলেন ট্রাম্প রিপাবলিকানরা এ বিষয়ে সমর্থনের সংকেত দিয়েছে। কিন্তু তারা এখনও কোনো পরিষ্কার আইন প্রণয়ন কৌশল বা সিনেটের ৬০-ভোটের নিয়ম অতিক্রম করার পথ খুঁজে পায়নি। হোয়াইট হাউসের কর্মকর্তারা নিশ্চিত নন যে, পেন্টাগনের অনুরোধ কংগ্রেসে বাস্তবসম্মতভাবে অনুমোদিত হবে। জানা গেছে, যুদ্ধের প্রথম দুই সপ্তাহে পেন্টাগন বিভিন্ন তহবিলের প্রস্তাবনা হোয়াইট হাউসের সামনে উপস্থাপন করেছে।