দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দায় বিএনপি ও যুবদলের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে এবং একজনের দলীয় পদ অব্যাহতি দেয়া হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ও বুধবার (১৮ মার্চ) দুপুরে পৃথক চিঠিতে এসব নোটিশ দেয়া হয় এবং অব্যাহতি দেয়া হয়। শোকজ নোটিশ পাওয়া নেতারা হলেন: কলমাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর রহমান নাজিম, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন এবং কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহজাহান কবির। এছাড়া নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুন মণ্ডলের দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ প্রদান করা হয়। পরের দিন বুধবার দুপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক স্বাক্ষরিত দুটি এবং যুগ্ম আহ্বায়ক মো. কালন ভূঁইয়া স্বাক্ষরিত আরও একটি নোটিশ জারি করা হয়। আরও পড়ুন: নেত্রকোনোয় গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ পৃথক শোকজ নোটিশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে, এক নোটিশে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে হারুন মণ্ডলকে তার আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে নোটিশ পাওয়া নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, বিষয়টি তারা শুনেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই দলের কাছে যথাযথ ব্যাখ্যা প্রদান করবেন।