চলতি বছর বাংলাদেশের হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ওটি বা ল্যাব অ্যাসিসটেন্ট নিয়ে ১৫৭ সদস্যের সমন্বিত হজ চিকিৎসক দল গঠন করা হয়েছে। চিকিৎসক দল গঠন করে সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। সমন্বিত হজ চিকিৎসক দলে ৭০ জন চিকিৎসক, ৪৬ জন নার্স, ২৩ জন ফার্মাসিস্ট রয়েছেন। এছাড়া রয়েছেন ১৮ জন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), ল্যাব টেকনিশিয়ান ও ল্যাব/ওটি অ্যাসিসটেন্ট রয়েছেন। গত বছর সমন্বিত হজ চিকিৎসক দল ছিল ১৫২ সদস্যের। এবার সমন্বিত হজ চিকিৎসক দলের সদস্যরা নির্ধারিত ব্যয় পরিশোধ করে হজ করার সুযোগ পাবেন। আদেশে বলা হয়, সমন্বিত হজ চিকিৎসক টিমের সদস্যরা সৌদি আরবে কাউন্সেলর (হজ) ও মৌসুমি হজ অফিসার মক্কা, মদিনা ও জেদ্দার তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। টিমের সদস্যদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে ‘সরকারি চাকুরি আইন, ২০১৮’ প্রযোজ্য হবে। দায়িত্বে অবহেলা, শৃঙ্খলা ভঙ্গসহ অসদাচরণের কারণে উক্ত আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ বরাবরে সুপারিশ করা হবে। রাজকীয় সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে নির্ধারিত ব্যয় পরিশোধ সাপেক্ষে ২০২৬ সনের হজে টিমের সদস্যরা হজ করার সুযোগ পাবেন। কোনো সদস্য তার দায়িত্ব পালনকালে কোনভাবেই স্বামী/স্ত্রী/সন্তান/আত্মীয়কে সঙ্গে নিতে ও রাখতে পারবেন না। সৌদি আরবে অবস্থানকালে টিমের সদস্যদের অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয় ও খাওয়ার ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। আরএমএম/এসএইচএস