সরিষাবাড়ীতে ব্যবসায়ীর গুদামে মিলল ৩ হাজার কেজি সরকারি চাল

জামালপুরের সরিষাবাড়ীতে এক ব্যবসায়ীর ভাড়া করা ঘর থেকে মজুদকৃত ৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ৩ নং ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল চাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা এলাকার শ্রী রাজিব পালের একটি ঘর ভাড়া নিয়ে চাল কেনাবেচা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী সাকলায়েন মিয়া। সম্প্রতি আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারিভাবে উপকারভোগীদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।অভিযোগ রয়েছে, ব্যবসায়ী সাকলায়েন অসাধু উপায়ে উপকারভোগীদের কাছ থেকে এই সরকারি চাল সংগ্রহ করে তার ভাড়া করা ঘরে মজুদ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।অভিযান চলাকালীন ওই গুদাম থেকে ৫০ কেজি ওজনের ৬৬টি প্লাস্টিকের বস্তা (মোট ৩ হাজার কেজি), খাদ্য অধিদপ্তরের সীল সম্বলিত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাকলায়েন মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।আরও পড়ুন: অবৈধভাবে ভিজিএফের চাল মজুত: দুইজনকে কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানাঅভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল বলেন, সরকারি সহায়তা হিসেবে দেওয়া চাল অবৈধভাবে মজুদ করার খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে ৬৬ বস্তা চাল ও খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত বস্তা উদ্ধার করে সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে। সরকারি সহায়তার চাল কেনাবেচার সাথে জড়িত অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ঘটনার পর থেকে পলাতক ব্যবসায়ী সাকলায়েন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।