ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে ওয়াজিব করা হয়েছে সদকাতুল ফিতর। ‘সদকাতুল ফিতর’ আরবি শব্দ। সদকা অর্থ দান। আর ফিতর মানে রোজার সমাপন। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সদকাকেই সদকাতুল ফিতর বলা হয়। এটিকে জাকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়ে থাকে।ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করা সর্বোত্তম। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। (বুখারি, হাদিস: ১৫০৯) আরও পড়ুন: রোজা নিয়ে প্রচলিত ৫টি ভুল ধারণা সাহাবায়ে কেরাম ঈদের আগে ফিতরা আদায় করেছেন এ রকম দৃষ্টান্তও পাওয়া যায়। নাফে (রহ.) থেকে বর্ণিত রয়েছে, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) ঈদের এক দুদিন আগেই ফিতরা আদায় করে দিতেন। (আবু দাউদ, হাদিস: ১৬০৬) ইসলামি আইনবিশারদগণের নির্ভরযোগ্য মত অনুযায়ী ইদের আগে রমজানের শুরু থেকে বা রমজানের আগেও ফিতরা আদায় করা জায়েজ। তাই রমজানের আগেও কেউ যদি ফিতরার নিয়তে কিছু দান করলে তা ফিতরা গণ্য হবে। তবে ফিতরা ঈদের দিন বা রমজানের শেষ দিকে আদায় করাই উত্তম। উল্লেখ্য, বাংলাদেশে এ বছর রমজানে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।