ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে যানজট ও চাঁদামুক্ত এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যৌথভাবে ঢাকা মহানগরীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়াসহ গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক মনিটারিং করেছে। এতে আরও বলা হয়, প্রতিটি টার্মিনালে র্যাব, পুলিশ, বিজিবি, বিআরটিএ ও ভোক্তা অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মনিটরিং ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া প্রতিটি টার্মিনালে বিশৃঙ্খলা এড়াতে মালিক-শ্রমিক যৌথভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। কোথাও কোনো যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়নি। যদি কোনো বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, সেখানে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও পড়ুনঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গের পথে ‘এর মধ্যে অনিয়মের অপরাধে একজন বাস কাউন্টার ম্যানেজারকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে। কিন্তু সরকার, প্রশাসন, সড়ক পরিবহনের মালিক শ্রমিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামে কথিত সংগঠনের জনৈক মোজ্জামেল হক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজেকে অসৎউদ্দেশ্যে প্রচার করার জন্য মিথ্যা তথ্য দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে- মর্মে সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নামে কোনো জনসচেতনতামূলক ব্যানার, পোস্টার বা সংগঠনের নেতাদের কোথাও কার্যক্রম পরিলক্ষিত হয়নি। এটা একটা কাগজে-কলমে ভুঁইফোঁড় সংগঠন। এমএমএ/বিএ