ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পিএসএলে দল পেলেন তানজিদ তামিম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে সুযোগ পেলেন ব্যাটার তানজিদ হাসান তামিম। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।নিলাম থেকে নাহিদ রানাকে দলে নেয়ার পর, কিছুদিন আগে একই ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল পেসার শরিফুল ইসলামকেও। পূর্বাভাস পাওয়া গিয়েছিল আগেই। সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে আগ্রাসী এক সেঞ্চুরি ও এক ফিফটির ইনিংসে সিরিজ সেরা নির্বাচিত হয়েছিলেন তানজিদ তামিম। এমন পারফরম্যান্সের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা জানিয়েছিলেন, এই খেলোয়াড়কে চাইলে পিএসএলের কোনো দল বাগিয়ে নিতে পারে। শেষপর্যন্ত হলোও তাই। পিএসএলের ১১তম আসরে ষষ্ঠ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে  দল পেলেন তানজিদ তামিম। আরও পড়ুন: নির্দিষ্ট সময়ের জন্য খেলোয়াড়দের এনওসি দিল বিসিবি সবার আগে সরাসরি চুক্তিতে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেয়েছিলেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলাম থেকে একই ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়ে নেয় টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। পিএসএলে সুযোগ পাওয়া অন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে নিলাম থেকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন দল রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পিএসএলের আসন্ন আসরের পর্দা উঠবে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। টুর্নামেন্টটিতে বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভেড়ানো ফ্র্যাঞ্চাইজিগুলোর ম্যাচের সূচি দেখতে এ লিঙ্কে ক্লিক করুন।