ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া থাকেন। তিনি নিজে পোশাক কারখানায় কাজ করেন। তার স্ত্রী মুক্তা গৃহিণী। সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারিচালিত রিকশাযোগে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিল। রিকশার আরেক যাত্রীর মাধ্যমে জানতে পারেন, তাদের রিকশা উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে যায়। এ সময় একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে তার স্ত্রীর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান মারে। এতে তার স্ত্রী রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তিনি আরও বলেন, তার স্ত্রী মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল জলিল। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুজনের দ্বিতীয় বিয়ে ছিল। আরও পড়ুন: ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে দিলো জনতা ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুরের দিকে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই গৃহবধূর মাথা ও কপালে আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।