রাজধানীর ভাটারা থানাধীন জোয়ারসাহারা এলাকায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাকিবের সহকর্মী শাকিল ও সহযোগী মাসুদকে অভিযুক্ত করেছে পরিবার।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাকিব হাসান পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণীমোহন গ্রামে। বাবার নাম মো. সোহরাওয়ার্দী। বর্তমানে তিনি ভাটারার জোয়ারসাহারা এলাকার একটি মেসে বসবাস করতেন। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাকিব তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।আরও পড়ুন: ‘সম্পত্তির লোভে দুই ভাই মিলে’ পিটিয়ে মারল বাবাকে!একপর্যায়ে রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা জানালে শাকিল ও তার সহযোগী মাসুদ ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসআই সুমন বিশ্বাস আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।