গোল পেয়েছেন নেইমার, আনচেলত্তির মন কবে পাবেন!

নেইমার ছাড়া ব্রাজিল দল! দুই বছর আগেও যেটা কল্পনা মনে হতো, এখন সেটাই বাস্তবে পরিণত হয়েছে। কার্লো আনচেলোত্তি কোচ হওয়ার পর এখনও দলে ফিরতে পারেননি নেইমার। গত সোমবার রাতে দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ কার্লো আনচেলত্তির ঘোষণা করা ব্রাজিল স্কোয়াডে জায়গা মেলেনি তার। এরপর ব্রাজিলিয়ান সিরি আতে আজ ইন্টারন্যাসিওনালের বিপক্ষে সান্তোস ২-১ ব্যবধানে হারলেও গোল করেছেন নেইমার। তবে গোল পেলেও আনচেলোত্তির মন পাননি এই তারকা। আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে পুরো ফিট হতে হবে। আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এর আগে জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণের নেইমারের হাতে আছে ১৫টি ম্যাচ। তবে এদিন অবশ্য ৮৯ মিনিট খেললেও নেইমারকে খুব একটা ছন্দে দেখা যায়নি। বরং স্পষ্ট বোঝা গেছে ফিটনেসে এখনও যথেষ্ট ঘাটিতি আছে তার। সময় অবশ্য আরও একটি ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিল জাতীয় দল সম্ভবত নেইমারের ওপর কিছুটা নাখোশ। এই দাবি করেন ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদক ডিওগো দান্তাস। নিজের ইউটিউবে আপ করা একটি ভিডিওতে নেইমার বলেছেন, অন্য সময় হলে ‘এমনিতেই ডাক পেতেন’। ব্রাজিল জাতীয় দল নেইমারের এই ভিডিও এবং সেখানে করা তার মন্তব্য ভালোভাবে নেয়নি বলে নিজের প্রতিবেদনে জানিয়েছেন দান্তাস। দলে সুযোগ না পাওয়ার পর ভিডিওতে নিজের প্রতিক্রিয়াও জানান নেইমার, ‘আনচেলত্তি, আমার কী হবে? জাতীয় দল ঘোষণা করা হলো; কিন্তু আমি ডাক পাইনি।’ দান্তাস জানিয়েছেন, সিবিএফের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নেইমারের এই মন্তব্যে কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগের কোচিং স্টাফদের প্রতি সমালোচনার ইঙ্গিত ছিল এবং বর্তমান কোচ আনচেলত্তির সঙ্গেও নেইমারের সমস্যার আভাস পাওয়া যায়। দান্তাসের পর্যবেক্ষণ অনুযায়ী, ভিডিওটি এবং নেইমারের সাম্প্রতিক বক্তব্য আনচেলত্তির সিদ্ধান্তে প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। ব্রাজিলের নতুন কোচিং স্টাফের সঙ্গে নেইমারের দূরত্ব থাকলেও সিবিএফ সভাপতি সামির জাউদের সঙ্গে যোগাযোগ আছে নেইমারের। জাউদের ভাষায়, ‘তালিকা প্রকাশের ঠিক ১০ মিনিট আগে আমি এটা জানতে পারি। তাদের সম্পূর্ণ স্বাধীনতা আছে।’ এসকেডি/এমএমআর