নদের চাঁদ ঘাটে সংস্কৃতিমন্ত্রী, ইতিহাস সংরক্ষণে দিলেন নির্দেশনা

লোকগাঁথার সেই ‘মানুষ থেকে কুমির’ হওয়া নদের চাঁদের স্মৃতি বিজড়িত খেয়াঘাট পরিদর্শন করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। দীর্ঘদিনের অবহেলিত এই ঐতিহাসিক স্থানটি রক্ষায় তিনি তাৎক্ষণিক কিছু পদক্ষেপ ও সংস্কারের ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সেই স্মৃতিধন্য ঘাটে পা রাখলেন সংস্কৃতি মন্ত্রী। স্থানীয় জনপদ আর কিংবদন্তির মিশেলে তৈরি এ ঘাটটির বর্তমান অবস্থা দেখেন তিনি।পরিদর্শনকালে মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমাদের শেকড় ও ইতিহাসকে কোনোভাবেই হারিয়ে যেতে দেওয়া যাবে না।’ নদের চাঁদের এই অমূল্য স্মৃতি ধরে রাখতে ঘাটটিকে আধুনিকায়ন ও পর্যটনবান্ধব করার ঘোষণা দেন তিনি।তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘কাগজে-কলমে নয়, দ্রুত দৃশ্যমান কাজ চাই।’ তিনি সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নদীর পাড় সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন।মন্ত্রীর এই ঝটিকা সফর এবং দ্রুত সিদ্ধান্তের ফলে স্থানীয় বাসিন্দা ও ইতিহাস প্রেমীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, এর মাধ্যমে মধুমতী তীরের এই লোকগাথা বিশ্ব দরবারে নতুন করে পরিচিতি পাবে।