৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে জয়ী কিম জংয়ের দল

উত্তর কোরিয়ার সবশেষ নির্বাচনে কিম জং উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে। গত রোববার (১৫ মার্চ) দেশব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট পড়ে। প্রার্থীদের বিরুদ্ধে রায় দেয় মাত্র ০.০৭ শতাংশ মানুষ। উত্তর কোরিয়ার আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির জন্য ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত করতে এ ভোট অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ ফলাফলকে জনগণের অবিচল ঐক্য এবং বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি নিরঙ্কুশ সমর্থনের নিদর্শন হিসেবে বর্ণনা করলেও, বহিরাগত পর্যবেক্ষকরা বরাবরই এ নির্বাচনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরও পড়ুন: ১০টি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া!  নির্বাচনে ০.০৭ শতাংশ ভোট কে পেয়েছেন? উত্তর কোরিয়ার এবরের নির্বাচনের ব্যালটে কোনো বিরোধী প্রার্থী ছিলেন না। প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারদেরকে অনুমোদিত প্রার্থীকে গ্রহণ বা বর্জন ( ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট) করার সুযোগ দেয়া হয়েছিল। এর মানে বাকি ০.০৭ শতাংশ ভোট কোনো প্রতিদ্বন্দ্বী দল বা নেতার কাছে যায়নি। বরং এটি সেইসব ভোটারদের প্রতিনিধিত্ব করে, যারা আনুষ্ঠানিক প্রার্থীর বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছিলেন। কেসিএনএ’র প্রতিবেদন অনুযায়ী, কয়েক দশকের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংসদীয় নির্বাচনে ‘না’ ভোটের কথা প্রকাশ্যে স্বীকার করেছে, যা ১৯৫৭ সালের পর থেকে প্রকাশ্যে স্বীকার করা হয়নি।