ঈদের দিন নিজেকে সুন্দর করে সাজাতে চাঁদরাতের আগেই বাড়িতে সেরে নিন হাত ও পায়ের যত্ন। পার্লারে খরচ না করে বাড়িতে মাত্র ১০ মিনিটে করে নিতে পারেন মেনিকিউর- পেডিকিউর।প্রতিদিন ধুলাবালির সংস্পর্শে এসে হাত-পায়ের ত্বকে ময়লা জমতে শুরু করে। ফলে আঙুলের নখে ময়লার মাধ্যমে জীবাণু লুকিয়ে থাকে। যদি নখগুলো ভালো করে পরিষ্কার না করেন, তাহলে ত্বকের মৃত কোষগুলো জমাট বেঁধে থাকে। তাই ঈদে মেনিকিউর- পেডিকিউর করাটা জরুরী। মেনিকিউর ও পেডিকিউর শুধু হাত পায়ের নখ কাটা ও পরিষ্কার করাকেই বোঝায় না। স্ক্রাবিং ও ম্যাসাজ করার মাধ্যমে হাত ও পায়ের আঙুলের রক্ত সঞ্চালন বাড়ানোকেও বোঝায়। পার্লারে দীর্ঘসময় ব্যয় না করে কিছু সহজ উপায়ে বাড়িতে এ কাজটি করে নিন। তাই চলুন জেনে নিই ঘরে বসে ম্যানিকিউর ও পেডিকিউর করার সহজ কিছু উপায়- ১। প্রথমে ঘরের মেঝেতে তোয়ালে বা খবরের কাগজ বিছিয়ে তার ওপর একটি চেয়ার রাখুন। তারপর সামনে একটি ছোট টেবিলে রাখুন মেনিকিউর-পেডিকিউর করার সব সরঞ্জাম। ২। অন্যদিকে একটি বালতি বা বড় গামলায় হালকা গরম পানি নিন। এমনভাবে পানি নিন যার মধ্যে আপনি হাত-পা ডুবিয়ে রাখতে পারবেন। তবে হাত-পা ভেজানোর আগে তা ভালোভাবে হালকা সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর স্যানিটাইজার দিয়ে হাত-পা স্যানিটাইজ করুন। ৩। তারপর হাত-পায়ের নখে নেইলপলিশ থাকলে তা রিমুভ করে নিন। এবার গরম পানির মধ্যে পা ও হাত ভিজিয়ে রাখুন ১০ মিনিট। ৪। এরপর আরেকটি পাত্রে হালকা গরম পানি নিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ গরম নারকেল তেল মিশিয়ে তার মধ্যে আপনার হাত-পা ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। ৫। হাত ও পায়ের মরা চামড়া দূর করতে স্ক্রাব ব্যবহার করা জরুরি। ৯ টেবিল চামচ টকদইয়ের সঙ্গে ৬ টেবিল চামচ চিনি, গোলাপ পাপড়ির পেস্ট ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ৬। মিশ্রণটি প্রথমে পায়ে ও পরে হাতে লাগিয়ে ২-৩ মিনিট আলতোভাবে ম্যাসাজ করে ধুয়ে নিন। এরপর আপনার হাত ও পা মুছে নিন। আরও পড়ুন: ঈদের আগে এক হেয়ার প্যাকেই চুল হবে ঘন ও রেশমী ৭। এবার হাত-পায়ের নখ পরিষ্কার করতে একটি নরম-ব্রিস্টেড পরিষ্কার টুথব্রাশ ব্যবহার করুন। তারপর নখের কিউটিকলগুলো তুলে ফেলুন। এজন্য অবশ্যই ব্যবহার করতে হবে কিউটিকল পুশার। ৮। এবার নেইল কাটার দিয়ে নখগুলো ভালো করে কেটে নিন। নখের হলুদ দাগ ও মসৃণভাব আনতে চাইলে নেইল বাফার ব্যবহার করুন। এতে নখ হবে আরও মসৃণ ও ঝকঝকে। এবার আবার টক দই, গোলাপের পাপড়ি, চিনি ও লেবুর রস দিয়ে তৈরি স্ক্রাব মালিশ করে পানি দিয়ে ধুয়ে নিন। আরও পড়ুন: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সকালে কী করবেন? ৯। এ পর্যায়ে টিএলসি লোশন ব্যবহারের মাধ্যমে আপনার হাত-পা ম্যাসাজ করুন। এই ম্যাসাজের জন্য আপনি যতটা চান সময় নিতে পারেন। ১০। টিএলসি লোশন না থাকলে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ব্যাস, বাড়িতেই হয়ে গেলো মেনিকিউর-পেডিকিউর। মেনিকিউর-পেডিকিউর হয়ে গেলে পছন্দের রংয়ের নেইলপলিশ লাগিয়ে নিতে পারেন।