চাঁদপুরে ছিন্নমূলদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চাঁদপুর ও হাইমচরে শারীরিক প্রতিবন্ধী এবং অতি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব সহায়তা দেয়া হয়।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থদের নগদ অর্থ ও হুইলচেয়ার তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। একইভাবে পাশের হাইমচর উপজেলায়ও অনুরূপ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষদের নিয়ে যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের অসহায় লোকদের জন্য সাত লাখ টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। এই টাকা সংশ্লিষ্ট আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুই হাজার টাকা করে পাচ্ছেন।’ কর্মসংস্থানের বিষয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনের পূর্বেই আমরা পরিকল্পনা করেছি চাঁদপুরে ইপিজেড করা হবে। তাহলে লোকজনের কর্মসংস্থান তৈরি হবে এবং কেউ আর বেকার থাকবে না। সরকারের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে।’ এ সময় তিনি সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান। আরও পড়ুন: সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তার বরাদ্দ দুই হাজার টাকা করে মোট সাত লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ১৫টি হুইলচেয়ার, তিনটি ট্রাইসাইকেল এবং ৭ জনকে হেয়ারিং এইড (শ্রবণযন্ত্র) দেয়া হয়। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হজরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী প্রমুখ।