ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক বাংলাদেশে জন্ম নেয়া সাহসী পুরুষ অনন্ত সিংয়ের ঐতিহাসিক চরিত্রকে বড় পর্দায় জীবন্ত করে তুললেন টালিউড মেগাস্টার জিৎ। নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে নায়কের নতুন সিনেমার ট্রেলার।বৃহস্পতিবার (১৯ মার্চ) নন্দি মুভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় পথিকৃৎ বসু পরিচালিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-র টিজার। সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই জিতের একাধিক লুক চমকে দিয়েছে দর্শক থেকে সমালোচক— সকলের। টিজারের শুরুতেই ভেসে আসে আকাশবাণী কলকাতার সেই পরিচিত সতর্কবার্তা, যেখানে শহরে একের পর এক দুঃসাহসিক ডাকাতির খবর শোনানো হচ্ছে। এরপরেই পর্দায় ফুটে ওঠে ব্রিটিশ শাসকের পৈশাচিক অত্যাচারের খণ্ডচিত্র। থমথমে সেই আবহে লাল ছাতা হাতে এন্ট্রি নেন অনন্ত লাল সিং রূপী জিৎ। কখনো ধুতি-পাঞ্জাবিতে শান্ত অথচ দৃঢ় বিপ্লবী, আবার কখনো ডাকাত বেশে ব্রিটিশ ফৌজের বিরুদ্ধে রূদ্ররূপে ধরা দিয়েছেন তিনি। টিজারে জিতের বিভিন্ন লুকের সূক্ষ্ম পরিবর্তনগুলো নজর কেড়েছে অনুরাগীদের। তবে শুধু বাহ্যিক রূপ নয়, চরিত্রের গভীরে প্রবেশ করতে দীর্ঘ প্রস্তুতি নিয়েছেন সুপারস্টার। জানা যায়, চরিত্রের প্রয়োজনে মুম্বাইতে গিয়ে পেশাদার ফাইটমাস্টারের কাছে নিয়মিত ‘লাঠিখেলা’র প্রশিক্ষণ নিয়েছেন জিৎ। অভিনেতার এই নিষ্ঠা ও পরিশ্রম অ্যাকশন দৃশ্যগুলোতে স্পষ্ট ফুটে উঠেছে। সিনেমার প্রেক্ষাপট নিয়ে জিৎ নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন,শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবেরই আরেক নাম। আরও পড়ুন: প্রকাশ পেল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার পোস্টার ইতিহাসের পাতা থেকে উঠে আসা অ্যাকশনধর্মী সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। বিশেষ করে জিতের মাশালা মুভির ইমেজ ভেঙে এই বায়োপিকধর্মী কাজ বক্স অফিসে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আরও পড়ুন: চট্টগ্রামের অনন্ত সিং হয়ে পর্দায় আসছেন জিৎ