মালয়েশিয়ার এপিইউতে বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে (এপিইউ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসে দেশীয় আমেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। এপিইউ বাংলাদেশি স্টুডেন্ট সোসাইটির সভাপতি আদিবা চৌধুরী ইডেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা শাহরিয়ার হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট) মুহাম্মদ আলী, সহকারী ম্যানেজার সাদ নাসিম এবং সোসাইটির উপদেষ্টা ও লেকচারার ড. মারজেয়া জান্নাত মহুয়া। অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসে শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, আট মানবপাচারকারী গ্রেফতার আয়োজক শিক্ষার্থীরা জানান, বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন। এই ধরনের অনুষ্ঠান প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে একাত্মতা, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।