রমজানের সিয়াম সাধনার পুরস্কার ঈদুল ফিতর

রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সুযোগ। এই মাসে একজন মুমিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করে, ইবাদতে বেশি মনোযোগ দেয় এবং নিজের চরিত্রকে পরিশুদ্ধ করার চেষ্টা করে।এই এক মাসের কঠোর সাধনা ও সংযমের পর আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে আনন্দের দিন নির্ধারণ করেছেন সেটিই হলো ঈদুল ফিতর। তাই ঈদুল ফিতরকে বলা হয় রমজানের সিয়াম সাধনার পুরস্কারের দিন।রমজানের সিয়াম সাধনার গুরুত্ব ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো রোজা। আল্লাহ তাআলা কোরআনে রোজার ফরজ হওয়ার কথা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার। (সুরা  বাকারা, ২:১৮৩) রোজার মূল উদ্দেশ্য হিসেবে তাকওয়া বা আল্লাহভীতি অর্জনের কথা বলা হয়েছে। রোজা মানুষকে ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। রোজাদারের মর্যাদা ও পুরস্কার রসুল সল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম রোজার মর্যাদা সম্পর্কে বলেন, قَالَ اللَّهُ تَعَالَى: كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ মানুষের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য; আর আমি নিজেই এর প্রতিদান দেব। (সহিহ বুখারি: ১৯০৪) অন্য হাদিসে  হাদিসে বলা হয়েছে لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا: إِذَا أَفْطَرَ فَرِحَ، وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে একটি ইফতারের সময় এবং অন্যটি যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে (সহিহ বুখারি:১৯০৪) এই হাদিস থেকে বোঝা যায় যে রোজাদারের আনন্দের একটি দিক হলো দুনিয়াতে এবং আরেকটি আখিরাতে। দুনিয়ার সেই আনন্দের বড় প্রকাশ হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর রোজার পুরস্কারের দিনরমজান মাসের শেষে যখন মুসলমানরা এক মাস সিয়াম পালন শেষ করে, তখন শাওয়াল মাসের প্রথম দিনে তারা ঈদুল ফিতর উদযাপন করে। এটি আনন্দের দিন, কৃতজ্ঞতার দিন এবং আল্লাহর প্রশংসা করার দিন।রসুল সল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম لِلصَّائِمِ عِنْدَ فِطْرِهِ دَعْوَةٌ لَا تُرَدُّ রোজাদারের ইফতারের সময় একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যান করা হয় না। সুনানু বাইহাকি (৩৯০৭) রমজানের শেষে ঈদ উদযাপন মূলত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।আল্লাহ তাআলা বলেন,وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ যাতে তোমরা নির্ধারিত সংখ্যা পূর্ণ করো এবং আল্লাহ তোমাদের হিদায়াত দিয়েছেন এজন্য তার মহিমা ঘোষণা করো এবং কৃতজ্ঞ হও।  (সুরা বাকারা, ২:১৮৫) এই আয়াতের ভিত্তিতেই ঈদের দিন মুসলমানরা তাকবির উচ্চারণ করে আল্লাহর মহিমা ঘোষণা করে।ঈদুল ফিতরের সামাজিক ও মানবিক শিক্ষা ঈদুল ফিতর শুধু আনন্দের দিন নয়; এটি সমাজে সমতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। ঈদের আগে সাদাকাতুল ফিতর বা ফিতরা প্রদান করা ফরজ করা হয়েছে।فَرَضَ رَسُولُ اللَّهِ ﷺ زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ রসুল সল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন রোজাদারকে অনর্থক কথা ও ভুলত্রুটি থেকে পবিত্র করার জন্য এবং দরিদ্রদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। (সুনানু আবি দাউদ ১৬০৯) এর মাধ্যমে সমাজের দরিদ্র মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে। ঈদের দিন করণীয় সুন্নত আমল ঈদুল ফিতরের দিন রসুল সল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম  কিছু আমল করার নির্দেশ দিয়েছেন,১. ঈদের নামাজ আদায় করা ২. ফিতরা আদায় করা ৩. নতুন বা পরিষ্কার পোশাক পরা ৪. সুগন্ধি ব্যবহার করা ৫. তাকবির পাঠ করা ৬. ঈদের দিন আনন্দ প্রকাশ করা। كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ فَيُكَبِّرُ حَتَّى يَأْتِيَ الْمُصَلَّىরসুল সল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম  ঈদুল ফিতরের দিন তাকবির বলতে বলতে ঈদগাহে যেতেন। (সিলসিলাতুত সহিহা:১৭১) ঈদের প্রকৃত শিক্ষাঈদুল ফিতরের মূল শিক্ষা হলো ১.তাকওয়া অর্জন ২.আত্মসংযম ৩.দানশীলতা ৪.ভ্রাতৃত্ববোধ ৫.আল্লাহর প্রতি কৃতজ্ঞতাযদি কেউ রমজানের শিক্ষা সারা বছরের জীবনে ধরে রাখতে পারে, তাহলে তার জন্য ঈদ সত্যিকারের সফলতার প্রতীক হয়ে ওঠে।রমজান মাস একজন মুমিনের জন্য আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস। এই মাসে সিয়াম পালন, ইবাদত, দান-সদকা ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে একজন মুসলমান নিজেকে পরিশুদ্ধ করে। সেই এক মাসের সাধনার পর আল্লাহ তাআলা ঈদুল ফিতরকে আনন্দ ও পুরস্কারের দিন হিসেবে দান করেছেন। তাই ঈদ শুধু আনন্দের উৎসব নয়; এটি আল্লাহর রহমত, ক্ষমা ও সন্তুষ্টি লাভের প্রতীক। রমজানের শিক্ষা যদি আমাদের জীবনে স্থায়ীভাবে প্রভাব ফেলে, তবে সেটিই হবে ঈদের প্রকৃত সাফল্য।