পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে প্রথমবারের মতো নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে।ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত প্রতি বছরের মতো এবারও কেন্দ্রীয় ঈদগাহেই অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার ৫ থেকে ৭ হাজার মুসল্লির সমাগম হতে পারে।তিনি আরও জানান, জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খাবার পানি, টয়লেট সুবিধা এবং মেডিক্যাল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।এদিকে জেলার বিভিন্ন এলাকায় এক হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বেশ কয়েকটি মসজিদে একাধিক জামাতের ব্যবস্থাও রাখা হয়েছে।নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জামে এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ১০টায়। বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া মডেল মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।আরও পড়ুন: বিটিভিকে মানুষের আস্থার জায়গায় নেওয়াই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রীপোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুলিশ লাইন্স জামে মসজিদে প্রথম জামাত সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নুরিয়া স্কুল ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং আঞ্জুমানে হেমায়েত ইসলাম গোরস্থান ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।এছাড়া সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদেও সকাল ৮টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।