জাতীয় দলে ফিরলেন দেম্বেলে, বিশ্বকাপের আগে শেষ সুযোগ কোলো মুয়ানির

চলতি মৌসুমটা একেবারেই ভালো কাটছে না ফরাসি ফুটবলার রন্দাল কোলো মুয়ানির। টটেনহ্যাম হটস্পারের হয়ে চলতি মৌসুমে জালের দেখা পেয়েছেন মাত্র পাঁচবার, ফ্রান্সের জার্সিতেও নেই ছন্দে। তবুও বিশ্বকাপের কয়েক মাস আগে তাকে আরেকটি সুযোগ দিলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচ দুটিকে সামনে রেখে বৃহস্পতিবার (১৯ মার্চ) দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দেশম।  দলে প্রত্যাশিতভাবেই ফিরেছেন উসমান দেম্বেলে। চোটের কারণে গত বছর জাতীয় দলের শেষ কয়েকটি ম্যাচে অনুপস্থিত ছিলেন পিএসজির এই তারকা। এছাড়া স্কোয়াডে আছেন কিলিয়ান এমবাপ্পেও, যিনি গত নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলেননি।  আরও পড়ুন: শিরোপা হারিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে সেনেগাল মঙ্গলবার (১৭ মার্চ) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান পিএসজির উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের বড় ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা।  তবে এই চোটের কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বারকোলাকে। তার অনুপস্থিতিই মূলত কোলো মুয়ানিকে আবার জাতীয় দলে ফিরিয়েছেন কোচ। ফ্রান্সের হয়ে ৩১ ম্যাচে ৯ গোল করা এই ফরোয়ার্ড সবশেষ খেলেছেন গত জুনে, উয়েফা নেশন্স লিগে জার্মানির বিপক্ষে।  আরও পড়ুন: প্লে-ইনে জিতে বিশ্বকাপে জায়গা পেলো ফিলিপিন্স-উত্তর কোরিয়া এদিকে, আসন্ন বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।  বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করার এটিই দিদিয়ের দেশমের শেষ সুযোগ। তাই আসন্ন দুটি প্রীতি ম্যাচকে ঘিরেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, আগামী ১৩ মে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ফরাসি কোচ।  সূচি অনুযায়ী, আগামী ২৬ মার্চ বস্টনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে কলম্বিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বকাপজয়ী দলটি।