চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে দুই লেগেই হারিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে এই আনন্দের মাঝেই দুঃসংবাদ পেলো লস ব্লাঙ্কোসরা। ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলের নির্ভরযোগ্য গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ চলাকালীন চোট পাওয়ায় তাকে ম্যাচের মাঝপথেই তুলে নিতে হয়। পরবর্তীতে করা মেডিক্যাল পরীক্ষায় জানা গেছে, তার ডান ঊরুর সামনের বড় পেশির একটি অংশে চোট লেগেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও পড়ুন: জাতীয় দলে ফিরলেন দেম্বেলে, বিশ্বকাপের আগে শেষ সুযোগ কোলো মুয়ানির তবে কবে নাগাদ মাঠে ফিরবেন কোর্তোয়া, ক্লাবের পক্ষ থেকে সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগের কোনোটিতেই মাঠে নামতে পারবেন না রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। যদি রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে ওঠে, তবুও তাকে পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে আপাতত রিয়াল মাদ্রিদের গোলবারের দায়িত্ব সামলাবেন আন্দ্রে লুনিন। তবে কোর্তোয়ার মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য গোলরক্ষকের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। আরও পড়ুন: শিরোপা হারিয়ে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে সেনেগাল শুধু ক্লাব ফুটবলই নয়, আন্তর্জাতিক সূচীতেও এর প্রভাব পড়ছে। চলতি মাসে প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মুখোমুখি হবে বেলজিয়াম। কিন্তু চোটের কারণে এই দুটি ম্যাচেও দলের হয়ে খেলতে পারবেন না কোর্তোয়া।