সাংবাদিকদের কলম শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র শক্তিশালী হবে: কায়সার কামাল

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। যেখানে অন্যায়-অনিয়ম হবে, তা তুলে ধরা আপনাদের নৈতিক দায়িত্ব। নির্ভয়ে, স্বাধীনভাবে এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করুন। আমি চাই না আপনারা আমার মুখের দিকে তাকিয়ে সত্য বলা থেকে বিরত থাকুন। আপনাদের কলম শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র শক্তিশালী হবে।বৃহস্পতিবার (১৯ মার্চ) কলমাকান্দা প্রেসক্লাব আয়োজিত ইফতার পরবর্তী ‘আমরা অপ-সাংবাদিকতার বিরুদ্ধে— সত্য ও ন্যায়ের পক্ষে’ শীর্ষক এক আলোচনা সভায় ক্লাবের প্রধান উপদেষ্টা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আমার কোনো ভুল হলে আপনারা লেখনীর মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন— আমি নিজেকে শুধরে নেব ‘ বিশেষ করে তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেন।প্রেসক্লাব আয়োজিত সভায় ক্লাবের সভাপতি শেখ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ নম্বর সহ-সভাপতি মুহাম্মদ এজমল হোসেন পাইলট।  এছাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভার শুরুতে প্রধান অতিথি ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাবের সদস্যরা।সভায় আলোচনা শেষে কলমাকান্দা প্রেসক্লাবের নিজস্ব ভবনের অভাবের বিষয়টি উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ‘উপজেলা প্রশাসন ও এসিল্যান্ডের সঙ্গে কথা বলে খাস বা বেদখল হওয়া জমি লিজের মাধ্যমে উদ্ধার করে প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী ও আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হবে। সেখানে লাইব্রেরি ও সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।’আরও পড়ুন: সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকারসরকারি অনুদান ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা অনুদান, ভিজিএফ চাল ও অন্যান্য সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।  দুর্গাপুরে ইমাম সমিতি, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বয়ে কোর কমিটির মাধ্যমে স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে, কলমাকান্দাতেও একই ব্যবস্থা চালু করা হবে।’তিনি আরও বলেন, ‘দুস্থ মানুষের হক নষ্ট করা যাবে না। রাষ্ট্রের টাকা জনগণের টাকা। সাংবাদিক, ইমাম ও সুধীসমাজের সমন্বয়ে একটি কমিটি করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দিতে হবে।’পরিশেষে ডেপুটি স্পিকার আগামী ৬ এপ্রিল সাংবাদিকদের নিয়ে একটি বিস্তৃত আলোচনা সভার ঘোষণা দেন এবং সমাজ সংস্কারে ‘আমি’ নয়, ‘আমরা’ হয়ে কাজ করার আহ্বান জানান।