জুলাই সনদ পাস করার মাধ্যমে শপথ নিতে হবে, এ আলোচনা হয়নি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা নির্বাচনে বিজয়ী হয়ে এমপি হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাস করার মাধ্যমে আমাদেরকে শপথ নিতে হবে, এ ধরনের কোন আলোচনা কখনও ছিল না। তবে হ্যাঁ যেহেতু জয়যুক্ত হয়েছে, অটোমেটিক পার্লামেন্টে বিল উত্থাপনের মধ্য দিয়ে ‘হ্যাঁ' এর কার্যকরিতা শুরু হবে এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপির গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘জুলাই সনদের যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দেয়া হয়েছে, সে বিষয়ে সংসদে আলোচনা হওয়ার পর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কখনও পজেটিভ বা কখনও নেগেটিভ হবে। জুলাই শহীদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। জুলাই শহীদ ও আহতদের সম্মান দেয়া প্রত্যেক রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব।’তিনি বলেন, ‘এ পার্লামেন্ট দীর্ঘদিন দেশবাসীর কাছে অনুপস্থিত ছিল, বিগত ১৭ বছর কোনো নির্বাচন ছিল না, কিন্তু পার্লামেন্ট ছিল। সে সময় পার্লামেন্টে জনগণের জন্য সরকারি দল ও বিরোধী দলের আলাপ আলোচনা ছিল না। এজন্য বর্তমান পার্লামেন্ট অনেক গুরুত্বপূর্ণ। জনগণের প্রতি সম্মান রেখে তাদের কাজ তাদের কাছে পৌঁছে দেয়া, এটাই এখন সরকার দল ও বিরোধী দলের প্রধান দায়িত্ব।’আরও পড়ুন: পাউবোর জায়গায় বোর্ড ক্লাবের পার্কিং নির্মাণ কাজ বন্ধ করলেন মন্ত্রী তিনি আরও বলেন, ‘আমাদের মতের দ্বিমত হতে পারে, তবে উভয় দল মিলে আমরা যে ঐক্যটি নিয়ে আসবো সেটি দেশ ও দেশের মানুষের জন্য মঙ্গল হবে। দীর্ঘ ১৭ বছর ত্যাগ-তিতিক্ষার পর আজকে যে দেশটি পেয়েছি, এ দেশটাকে আবার নতুনভাবে গড়তে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে খাল খনন কর্মসূচি বিএনপির রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল। খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এর সুফল দেশবাসীকে দেয়া হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এটি বিএনপি সরকারের ১৮০ দিনের প্রজেক্ট।’এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. শাহাব উদ্দিন সাবু, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ অনেকে।