চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ হোসেন উপজেলার নতুনপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ হোসেনসহ ২-৩ জন মিলে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে মাদকদ্রব্য আনতে যাচ্ছিলেন। শূন্যরেখা দিয়ে সীমান্তের তারকাঁটা কেটে ভারতে প্রবেশের সময় দায়িত্বরত বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। সীমান্তের ৬৫/১ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহত আজাদ হোসেন বলেন, ‘সীমান্ত এলাকায় গেলে বিএসএফের ছোড়া গুলিতে আহত হই। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।’ আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সংঘর্ষে নিহত জামায়াত নেতা মফিজুরের দাফন সম্পন্ন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগে শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন নিয়ে আজাদ হোসেন নামের এক ব্যক্তি আসেন। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে তিনি আহত হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ‘আজাদ হোসেন নামের এক ব্যক্তির সীমান্ত এলাকায় ছররা গুলি লাগে বলে শুনেছি। তিনি জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সে এখন কোথায় আছে, সে বিষয়ে আমার জানা নেই।’ এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।