সেই দীপ্তি চৌধুরীর অতিথি আসিফ-সারজিস, সঙ্গে সেতুমন্ত্রীও

ঈদকে সামনে রেখে চ‍্যানেল আইতে আসছে একটি বিশেষ অনুষ্ঠান। এর নাম রাখা হয়েছে ‘রাজনীতির বাইরে’। এটি উপস্থাপনা করবেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তিনি মুক্তিযোদ্ধার নাতনি হিসেবে সমালোচনায় ও প্রশংসায় সমানভাবে আলোচিত। দীপ্তির অতিথি হিসেবে ঈদের এই আয়োজনে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের দুই নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম। সেখানে আরও ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি। অনুষ্ঠানটিতে তারা তাদের অভিজ্ঞতা, চমকপ্রদ গল্প ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন। দীপ্তি চৌধুরীর নিজস্ব সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে, অনুষ্ঠান শুটিংয়ের সময় আসিফ ও সারজিস উভয়েই হাস্যোজ্জ্বল এবং স্বাচ্ছন্দ্যময় ছিলেন। ছবিতে তাদের রসিকতা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণ এবং অতিথি হিসেবে স্বাচ্ছন্দ্যের ছাপ স্পষ্টভাবে ধরা পড়েছে। অনুষ্ঠানের প্রস্তুতি ও শুটিং প্রসঙ্গে দীপ্তি বলেন, ‘আমার জন্য এটি এক আনন্দের মুহূর্ত। দর্শকেরা আশা করি আমাদের আড্ডা ও আলাপচারিতার মাধ্যমে ঈদ আরও স্মরণীয় হবে।’ উল্লেখ্য, অনুষ্ঠানটি ঈদের দিন এবং ঈদের পরের দিন বিকাল ৪টায় সম্প্রচার করা হবে চ‍্যানেল আইতে। অনুষ্ঠানটি মূলত ঈদ ও প্রবাসী সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। অতিথিদের হাস্যরস, ব্যক্তিগত গল্প এবং ঈদকে কেন্দ্র করে তৈরি বিভিন্ন আকর্ষণীয় মুহূর্ত দর্শকদের মুগ্ধ করবে।   এলআইএ