সদরঘাটে ঈদে ঘরে ফেরাদের ভিড় থাকলে ভিন্ন চিত্র রেল ও সড়কপথে

ঈদ যাত্রার শেষ দিনেও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢল নেমেছে ঘরমুখো হাজারো মানুষের। তবে ভিন্ন চিত্র রেল ও সড়কপথে। নেই উপচে পড়া ভিড়। শেষ দিনে স্বাচ্ছন্দময় ঈদযাত্রায় খুশি যাত্রীরা।শুক্রবার (২০ মার্চ) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হাজারো মানুষের স্বপ্নযাত্রার বাহন হয়ে সদরঘাট থেকে ছাড়তে থাকে একের পর এক লঞ্চ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পল্টুনে বাড়তে থাকে যাত্রী চাপও। নির্ধারিত সময়ে নয়, পর্যাপ্ত যাত্রী হলেই ভোলা, ইলিশা, চাঁদপুরসহ বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। যাত্রীরা জানান, ভোগান্তি ও ভিড় এড়াতে ঈদের আগ মুহূর্তে এ যাত্রা। তবে সবকিছু উপেক্ষা করে স্বজনদের কাছে ফিরতে পারার আনন্দ ছিলো সবার চোখে মুখে। আরও পড়ুন: ঈদযাত্রা /পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড এদিকে ভিন্ন চিত্র কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে। প্ল্যাটফর্মে যাত্রী উপস্থিতি থাকলেও নেই গত দুই দিনের মতো উপচেপড়া ভিড়। অনেকটা স্বস্তি নিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন রেলের ভ্রমনকরা যাত্রীরা। অবশ্য সড়কপথে যাত্রী চাপ আরও কম। সকাল থেকে গাবতলী বাস টার্মিনালের অধিকাংশ কাউন্টারই ফাঁকা রয়েছে। যাত্রীরা বলছেন, খুব সহজেই মিলছে বাসের টিকেটও। নির্ধারিত সময়ে সব পরিবহন ছাড়া ও যাত্রী চাপ কম থাকায় ঈদ যাত্রার শেষ দিন স্বাচ্ছন্দময় বলেও জানা গেছে।