বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২৫টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা যেন একই দিনে চাঁদ দেখে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, প্রধানমন্ত্রীর কাছে সেই দাবিও জানিয়েছেন এসব এলাকার মুসল্লিরা।শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এই জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী। একই সময়ে ভাড়ুখালী আহলে সুন্নত আল জামায়াত জামে মসজিদেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্ত্বর, ভোঁদড়া, ঘোনা, ভাড়ুখালী, মিরগিডাঙ্গাসহ আশপাশের প্রায় ২৫টি গ্রামের মানুষ আজ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। আরও পড়ুন: কম খরচে বেশি লাভ, কালোজিরা চাষে ঝুঁকছেন সাতক্ষীরার চাষিরা স্থানীয় মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা ও ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় আজও তারা ঈদুল ফিতর উদযাপন করছেন। সবার আগে ঈদ উদযাপন করতে পেরে তারা বেশ খুশি। পাশাপাশি সারা পৃথিবীর মুসলমান যাতে একই দিনে একসঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানান তারা। ঈদের নামাজ শেষে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, চাঁদের সঙ্গে মিল রেখেই প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।’